Home Business Guidelines Cash Conversion Cycle কী? ব্যবসার টাকা কত দিনে ফিরে আসে?

Cash Conversion Cycle কী? ব্যবসার টাকা কত দিনে ফিরে আসে?

একজন ব্যবসায়ী ৫ লাখ টাকা দিয়ে পণ্য কিনলেন। পণ্যগুলো বিক্রি করে লাভও হলো। কিন্তু বিক্রির টাকা হাতে পেতে যদি ৬০ দিন সময় লাগে, তাহলে এই সময়ের মধ্যে নতুন পণ্য কেনা, কর্মচারীদের বেতন দেওয়া এবং অন্যান্য খরচ চালানোর জন্য তাঁকে অতিরিক্ত অর্থের ব্যবস্থা করতে হবে।

অন্যদিকে, আরেকজন ব্যবসায়ী পণ্য কেনার ২০ দিনের মধ্যেই পণ্য বিক্রি করে ক্রেতার কাছ থেকে টাকা আদায় করতে পারছেন। ফলে একই পরিমাণ মূলধন ব্যবহার করে তিনি বছরে আরও বেশি বার ব্যবসা পরিচালনা করতে পারছেন।

এই পার্থক্য বোঝার জন্য ব্যবসায়ীদের একটি গুরুত্বপূর্ণ Financial Metric রয়েছে, যার নাম Cash Conversion Cycle (CCC) বা নগদ অর্থ রূপান্তর চক্র।

Cash Conversion Cycle দেখায়, ব্যবসায় পণ্য বা সেবা তৈরির জন্য অর্থ ব্যয় করার পর সেই অর্থ বিক্রয় ও পাওনা আদায়ের মাধ্যমে নগদ হিসেবে ফিরে আসতে কত দিন সময় লাগে।

ব্যবসা লাভজনক হলেও Cash Conversion Cycle দীর্ঘ হলে নগদ অর্থের সংকট তৈরি হতে পারে। আবার এই চক্র ছোট হলে একই মূলধন দিয়ে ব্যবসার কার্যক্রম চালানো তুলনামূলক সহজ হয়।

এই আর্টিকেলে আমরা জানব Cash Conversion Cycle কী, কীভাবে হিসাব করতে হয়, বাংলাদেশের Trading ও Manufacturing ব্যবসায় এর ব্যবহার কী এবং কীভাবে ব্যবসার টাকা দ্রুত ফিরিয়ে আনা যায়।

Cash Conversion Cycle (CCC) কী?

Cash Conversion Cycle হলো এমন একটি সময়কাল, যার মাধ্যমে আপনি পণ্য বা কাঁচামাল কেনার জন্য নগদ অর্থ ব্যয় করার পর পণ্য বিক্রি এবং ক্রেতার কাছ থেকে টাকা আদায়ের মাধ্যমে সেই অর্থ আবার নগদ হিসেবে ফিরে পেতে কত দিন সময় নেয় সে জানতে পারবেন।

সহজভাবে বললে:

Cash Conversion Cycle = পণ্য কেনার জন্য টাকা খরচ করা থেকে বিক্রির টাকা হাতে ফিরে আসা পর্যন্ত সময়।

একটি ব্যবসার Cash Conversion Cycle সাধারণত তিনটি বিষয়ের ওপর নির্ভর করে:

  • পণ্য কত দিন মজুত থাকে
  • ক্রেতার কাছ থেকে টাকা আদায় করতে কত দিন লাগে
  • সরবরাহকারীকে টাকা পরিশোধ করতে কত দিন সময় পাওয়া যায়

এই তিনটি বিষয়কে যথাক্রমে Days Inventory Outstanding (DIO), Days Sales Outstanding (DSO) এবং Days Payable Outstanding (DPO) দিয়ে পরিমাপ করা হয়।

Cash Conversion Cycle-এর সূত্র:

CCC = DIO + DSO − DPO

এখানে:

  • DIO = পণ্য মজুত থাকা গড় দিনের সংখ্যা
  • DSO = ক্রেতার কাছ থেকে টাকা আদায় করতে গড় দিনের সংখ্যা
  • DPO = সরবরাহকারীকে টাকা পরিশোধ করতে গড় দিনের সংখ্যা

CCC যত কম হবে, সাধারণত ব্যবসার অর্থ তত দ্রুত নগদে ফিরে আসবে। তবে খুব কম CCC সব সময় ভালো নয়, কারণ অতিরিক্ত কম মজুত বা সরবরাহকারীকে খুব দ্রুত টাকা পরিশোধ করার কারণে ব্যবসার কার্যক্রম ব্যাহত হতে পারে।

আরও পড়ুন: Working Capital Loan কী? ব্যবসার জন্য কখন ঋণ নেওয়া উচিত?

Cash Conversion Cycle-এর তিনটি উপাদান

২.১ Days Inventory Outstanding (DIO)

একটা ব্যবসা পণ্য বিক্রি করার আগে গড়ে কত দিন পণ্য মজুত করে রাখে তা DIO এর মাধ্যমে জানা যায়।

সূত্র:

DIO = (Average Inventory ÷ Cost of Goods Sold) × 365

এখানে:

Average Inventory = (Opening Inventory + Closing Inventory) ÷ 2

Cost of Goods Sold (COGS) হলো বিক্রিত পণ্যের খরচ।

উদাহরণ

একটি Trading ব্যবসার:

  • গড় মজুত পণ্য = ৬,০০,০০০ টাকা
  • বার্ষিক COGS = ৩৬,০০,০০০ টাকা

DIO = (৬,০০,০০০ ÷ ৩৬,০০,০০০) × ৩৬৫ = ৬০.৮৩ দিন। অর্থাৎ, ব্যবসাটি গড়ে প্রায় ৬১ দিন পণ্য মজুত রাখছে। DIO বেশি হলে পণ্য বিক্রি হতে বেশি সময় লাগছে। এর ফলে মূলধন মজুতে আটকে থাকতে পারে।

Days Sales Outstanding (DSO)

একটা ব্যবসা ক্রেডিটে পণ্য বিক্রি করার পর ক্রেতার কাছ থেকে টাকা আদায় করতে গড়ে কত দিন সময় নেয় তা DSO এর মাধ্যমে জানা যায়।

সূত্র:

DSO = (Average Accounts Receivable ÷ Net Credit Sales) × 365

এখানে:

Average Accounts Receivable = (Opening Receivables + Closing Receivables) ÷ 2

Net Credit Sales হলো বাকিতে বিক্রয়ের নিট পরিমাণ।

উদাহরণ

একটি ব্যবসার:

  • গড় Accounts Receivable = ৪,০০,০০০ টাকা
  • বার্ষিক Net Credit Sales = ২৪,০০,০০০ টাকা

DSO = (৪,০০,০০০ ÷ ২৪,০০,০০০) × ৩৬৫ = ৬০.৮৩ দিন

অর্থাৎ, ব্যবসাটি ক্রেতার কাছ থেকে টাকা আদায় করতে গড়ে প্রায় ৬১ দিন সময় নিচ্ছে। DSO বেশি হলে ক্রেতার কাছে বেশি অর্থ আটকে থাকে এবং ব্যবসার নগদ অর্থের প্রয়োজন বাড়তে পারে।

Days Payable Outstanding (DPO)

একটা ব্যবসা সরবরাহকারীর কাছ থেকে পণ্য বা কাঁচামাল বাকিতে কেনার পর গড়ে কত দিন সময় নিয়ে টাকা পরিশোধ করে তা DOS এর মাধ্যমে জানা যায়।

সূত্র:

DPO = (Average Accounts Payable ÷ Credit Purchases) × 365

এখানে:

Average Accounts Payable = (Opening Payables + Closing Payables) ÷ 2

Credit Purchases হলো বাকিতে পণ্য বা কাঁচামাল কেনার পরিমাণ। যদি Credit Purchases এর তথ্য পাওয়া না যায়, কিছু বিশ্লেষণে COGS-কে আনুমানিক ভিত্তি হিসেবে ব্যবহার করা হয়। তবে এটি সঠিক DPO-এর বিকল্প নয়, কারণ COGS ও Purchases এক বিষয় নয়।

উদাহরণ

একটি ব্যবসার:

  • গড় Accounts Payable = ৩,০০,০০০ টাকা
  • বার্ষিক Credit Purchases = ১৮,০০,০০০ টাকা

DPO = (৩,০০,০০০ ÷ ১৮,০০,০০০) × ৩৬৫ = ৬০.৮৩ দিন

অর্থাৎ, ব্যবসাটি সরবরাহকারীকে গড়ে প্রায় ৬১ দিন পর টাকা পরিশোধ করছে। DPO বাড়লে ব্যবসা কিছু সময়ের জন্য নগদ অর্থ হাতে রাখতে পারে। তবে সরবরাহকারীর সঙ্গে চুক্তি ও সম্পর্ক বজায় রেখে পেমেন্টের সময় নির্ধারণ করতে হবে।

আরও পড়ুন: ব্যবসায় লাভ-লোকসান ও Break-even Point হিসাব করার নিয়ম

Cash Conversion Cycle হিসাব করার পূর্ণ উদাহরণ

ধরা যাক, বাংলাদেশের একটি পাইকারি ব্যবসার বার্ষিক আর্থিক তথ্য নিচের মতো:

বিবরণ টাকা
Average Inventory ৬,০০,০০০
Annual COGS ৩৬,০০,০০০
Average Accounts Receivable ৪,০০,০০০
Annual Net Credit Sales ২৪,০০,০০০
Average Accounts Payable ৩,০০,০০০
Annual Credit Purchases ১৮,০০,০০০

এখন হিসাব করি:

DIO

= (৬,০০,০০০ ÷ ৩৬,০০,০০০) × ৩৬৫ = ৬০.৮৩ দিন

DSO

= (৪,০০,০০০ ÷ ২৪,০০,০০০) × ৩৬৫

= ৬০.৮৩ দিন

DPO

= (৩,০০,০০০ ÷ ১৮,০০,০০০) × ৩৬৫

= ৬০.৮৩ দিন

Cash Conversion Cycle

= DIO + DSO − DPO

= ৬০.৮৩ + ৬০.৮৩ − ৬০.৮৩

= ৬০.৮৩ দিন

অর্থাৎ, এই ব্যবসায় পণ্য কেনার জন্য অর্থ ব্যয় করার পর সেই অর্থ নগদ হিসেবে ফিরে আসতে গড়ে প্রায় ৬১ দিন সময় লাগছে।

ব্যবসাটিকে এই সময়ের মধ্যে পণ্য কেনা, পরিচালন ব্যয় এবং অন্যান্য নগদ প্রয়োজন মেটানোর জন্য পর্যাপ্ত Working Capital রাখতে হবে।

Cash Conversion Cycle কেন ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ?

১. নগদ অর্থের প্রয়োজন বোঝা যায়

ব্যবসার টাকা কত দিন মজুত ও পাওনায় আটকে থাকে, তা CCC থেকে বোঝা যায়। ফলে ব্যবসায়ী আগেই নগদ অর্থের প্রয়োজন অনুমান করতে পারেন।

২. Working Capital-এর সংকট শনাক্ত করা যায়

ব্যবসায় লাভ হলেও যদি টাকা দ্রুত ফিরে না আসে, তাহলে দৈনন্দিন খরচ চালাতে সমস্যা হতে পারে।

CCC বিশ্লেষণ করলে বোঝা যায় সমস্যাটি মজুত পণ্যে, ক্রেতার পাওনায় নাকি সরবরাহকারীকে দ্রুত পেমেন্ট করার কারণে তৈরি হচ্ছে।

৩. ঋণের প্রয়োজন কমানো যায়

CCC দীর্ঘ হলে ব্যবসাকে বেশি Working Capital ধরে রাখতে হতে পারে। এই ঘাটতি পূরণ করতে ঋণ নিতে হতে পারে। CCC কমাতে পারলে অনেক ক্ষেত্রে ব্যবসার নিজস্ব নগদ অর্থের প্রয়োজন কমে যায়।

৪. ব্যবসার কার্যকারিতা পরিমাপ করা যায়

CCC আগের মাস, আগের বছর বা একই ধরনের ব্যবসার সঙ্গে তুলনা করলে কার্যকরী মূলধন ব্যবস্থাপনার উন্নতি বা অবনতি বোঝা যায়।

৫. ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করা যায়

বিক্রয় বাড়লে মজুত ও পাওনার পরিমাণও বাড়তে পারে। CCC বিশ্লেষণ করে ব্যবসায়ী অনুমান করতে পারেন, সম্প্রসারণের জন্য কত অতিরিক্ত Working Capital প্রয়োজন হবে।

Cash Conversion Cycle বেশি হলে কী সমস্যা হয়?

CCC বেশি হলে ব্যবসার অর্থ দীর্ঘ সময় ধরে মজুত পণ্য ও ক্রেতার পাওনায় আটকে থাকে।

এর ফলে:

  • নতুন পণ্য কেনার জন্য নগদ অর্থ কমে যায়
  • সরবরাহকারীর বিল পরিশোধে সমস্যা হতে পারে
  • কর্মচারীদের বেতন ও পরিচালন ব্যয় মেটাতে চাপ তৈরি হয়
  • Working Capital Loan-এর প্রয়োজন বাড়তে পারে
  • ঋণের সুদ ও অন্যান্য আর্থিক খরচ বাড়তে পারে
  • ব্যবসার বিক্রয় বাড়লেও নগদ সংকট তৈরি হতে পারে

বিশেষ করে যেসব ব্যবসায় ক্রেতাদের বাকিতে বিক্রি করা হয় এবং পণ্য দীর্ঘদিন মজুত থাকে, তাদের CCC নিয়মিত পর্যবেক্ষণ করা প্রয়োজন।

Cash Conversion Cycle কীভাবে কমানো যায়?

CCC কমানোর জন্য DIO ও DSO কমানো এবং ব্যবসার উপযোগী সীমার মধ্যে DPO পরিচালনা করা প্রয়োজন।

১. মজুত পণ্য দ্রুত বিক্রি করুন

  • কোন পণ্য বেশি বিক্রি হচ্ছে তা শনাক্ত করুন
  • ধীরগতির পণ্য অতিরিক্ত কেনা কমান
  • বিক্রয়ের পূর্বাভাস অনুযায়ী মজুত রাখুন
  • পুরোনো বা অচল পণ্যের জন্য পরিকল্পনা করুন
  • প্রয়োজন অনুযায়ী পুনরায় অর্ডার দিন

এতে DIO কমতে পারে এবং মজুতে আটকে থাকা অর্থ মুক্ত হতে পারে।

২. ক্রেতার কাছ থেকে দ্রুত টাকা আদায় করুন

  • ক্রেডিট পেমেন্টের সময় নির্ধারণ করুন
  • সময়মতো Invoice পাঠান
  • বকেয়া পাওনার তালিকা নিয়মিত পর্যালোচনা করুন
  • পেমেন্টের নির্ধারিত তারিখের আগে অনুস্মারক দিন
  • ঝুঁকিপূর্ণ ক্রেতার ক্রেডিট সীমা নিয়ন্ত্রণ করুন

এতে DSO কমতে পারে।

৩. সরবরাহকারীর পেমেন্টের সময় ব্যবস্থাপনা করুন

  • সরবরাহকারীর সঙ্গে যুক্তিসংগত Credit Terms আলোচনা করুন
  • চুক্তি অনুযায়ী পেমেন্টের সময় ব্যবহার করুন
  • নগদ অর্থের পূর্বাভাস অনুযায়ী পেমেন্ট পরিকল্পনা করুন
  • সময়মতো পেমেন্ট করে সরবরাহকারীর সম্পর্ক বজায় রাখুন

এতে DPO কার্যকরভাবে পরিচালনা করা যায়।

তবে DPO শুধু বাড়ানোর লক্ষ্য নেওয়া উচিত নয়। সরবরাহকারীর ছাড় হারানো, পণ্য সরবরাহ বন্ধ হওয়া বা সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও বিবেচনা করতে হবে।

ব্যবসার ধরন অনুযায়ী Cash Conversion Cycle

ট্রেডিং ব্যবসা

ট্রেডিং ব্যবসায় CCC-এর প্রধান বিষয় হলো পণ্য কেনা, মজুত রাখা, বিক্রি করা এবং ক্রেতার কাছ থেকে টাকা আদায় করা। পণ্য দ্রুত বিক্রি হলে এবং ক্রেতার কাছ থেকে টাকা দ্রুত পাওয়া গেলে CCC কম থাকে।

উৎপাদনমুখী ব্যবসা

উৎপাদনমুখী ব্যবসায় কাঁচামাল, উৎপাদন প্রক্রিয়া, Finished Goods Inventory এবং ক্রেতার পাওনা বিবেচনা করতে হয়।

উৎপাদন প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগলে CCC বাড়তে পারে। তাই কাঁচামাল ব্যবস্থাপনা, উৎপাদন পরিকল্পনা ও Finished Goods এর মজুত নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ।

সার্ভিস ব্যবসা

সেবা ব্যবসায় সাধারণত মজুত কম বা থাকে না। তাই CCC এর মজুত অংশটি প্রযোজ্য নাও হতে পারে।এক্ষেত্রে কাজ সম্পন্ন করার সময়, ইনভয়েজ করার সময় এবং ক্রেতার কাছ থেকে টাকা আদায়ের সময় গুরুত্বপূর্ণ।

সেবা ব্যবসায় চুক্তির শর্ত,  অগ্রিম প্রদান এবং দ্রুত বিল করার মাধ্যমে নগদ প্রবাহ উন্নত করা যেতে পারে।

Cash Conversion Cycle ও Working Capital এর সম্পর্ক

Working Capital হলো ব্যবসার স্বল্পমেয়াদি সম্পদ ও স্বল্পমেয়াদি দায়ের পার্থক্য।

সূত্র:

Net Working Capital = Current Assets − Current Liabilities

Cash Conversion Cycle দেখায়, ব্যবসার পরিচালন কার্যক্রমে নগদ অর্থ কত দিন আটকে থাকে।

CCC দীর্ঘ হলে ব্যবসাকে সাধারণত বেশি Working Capital ধরে রাখতে হতে পারে। তবে CCC ও Net Working Capital একই বিষয় নয়।

একটি ব্যবসার চলতি সম্পদ বেশি হলেও যদি সেই সম্পদ মজুত পণ্য বা দীর্ঘদিনের পাওনায় আটকে থাকে, তাহলে হাতে নগদ অর্থ কম থাকতে পারে।

তাই ব্যবসার আর্থিক অবস্থা বিশ্লেষণ করার সময় Working Capital, Cash Conversion Cycle এবং Cash Flow একসঙ্গে দেখা উচিত।

Cash Conversion Cycle বিশ্লেষণের সময় যে ভুলগুলো এড়িয়ে চলবেন

ভুল ১: শুধু বিক্রয় বাড়ানোর দিকে নজর দেওয়া

বিক্রয় বাড়লেও ক্রেতার কাছ থেকে টাকা আদায় দেরিতে হলে নগদ সংকট বাড়তে পারে।

ভুল ২: সব পণ্যের জন্য একই মজুত নীতি রাখা

দ্রুত বিক্রি হওয়া ও ধীরগতির পণ্যের জন্য একই মজুত নীতি কার্যকর নাও হতে পারে।

ভুল ৩: সরবরাহকারীর পেমেন্ট অযথা বিলম্ব করা

CCC কমানোর জন্য সরবরাহকারীকে চুক্তির বাইরে দেরিতে টাকা দিলে ব্যবসায়িক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে।

ভুল ৪: এক বছরের তথ্য দিয়ে সব সিদ্ধান্ত নেওয়া

মৌসুমি ব্যবসায় মাসভিত্তিক CCC বিশ্লেষণ বেশি কার্যকর হতে পারে।

ভুল ৫: ভুল তথ্য দিয়ে হিসাব করা

মজুত, দেনাদার,  পাওনা, বাকিতে বিক্রয় ও বাকিতে ক্রয় এর তথ্য সঠিক না হলে CCC-ও সঠিক হবে না।

সাধারণ প্রশ্নোত্তর

Cash Conversion Cycle কত দিন হওয়া ভালো?

সব ব্যবসার জন্য নির্দিষ্ট আদর্শ CCC নেই। ব্যবসার ধরন, পণ্যের বিক্রয় গতি, ক্রেডিট নীতি এবং সরবরাহকারীর শর্ত অনুযায়ী এটি ভিন্ন হয়। নিজের ব্যবসার আগের সময়ের CCC এবং একই ধরনের ব্যবসার সঙ্গে তুলনা করা বেশি কার্যকর।

CCC কম হলে কি ব্যবসা সব সময় ভালো করছে?

সাধারণত কম CCC নগদ অর্থ দ্রুত ফিরে আসার ইঙ্গিত দেয়। তবে অতিরিক্ত কম মজুতের কারণে পণ্য শেষ হয়ে গেলে বিক্রয় হারাতে পারেন। তাই CCC কমানোর পাশাপাশি ব্যবসার কার্যক্রম সচল রাখা জরুরি।

Cash Conversion Cycle কি Negative হতে পারে?

হ্যাঁ। যদি ব্যবসা ক্রেতার কাছ থেকে দ্রুত টাকা পায়, কিন্তু সরবরাহকারীকে পরে টাকা পরিশোধ করে, তাহলে CCC Negative হতে পারে।

এ ধরনের পরিস্থিতিতে ব্যবসা প্রতিষ্ঠান সহজে পণ্য বিক্রির অর্থ হাতে পাওয়ার পর সরবরাহকারীকে টাকা দিতে পারে। তবে এটি ব্যবসার ক্রেডিট শর্ত ও পরিচালন কাঠামোর ওপর নির্ভর করে।

CCC ও Operating Cycle কি একই?

না। Operating Cycle = DIO + DSO, Cash Conversion Cycle = DIO + DSO − DPO

Operating Cycle পণ্য মজুত ও পাওনা আদায়ের সময় বিবেচনায় নেয়। আর CCC সরবরাহকারীকে পেমেন্টের সময়ও বিবেচনায় নেয়।

Cash Conversion Cycle কত ঘন ঘন হিসাব করা উচিত?

ব্যবসার আকার ও কার্যক্রম অনুযায়ী মাসিক বা ত্রৈমাসিকভাবে হিসাব করা যেতে পারে। দ্রুত পরিবর্তনশীল ব্যবসায় নিয়মিত পর্যবেক্ষণ বেশি কার্যকর।

উপসংহার

Cash Conversion Cycle ব্যবসার নগদ অর্থ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ সূচক। এর মাধ্যমে  ব্যবসার অর্থ পণ্য ও পাওনায় কত দিন আটকে থাকে এবং কত দিনে নগদ হিসেবে ফিরে আসে তা বুঝা যায়।

একটি ব্যবসা লাভজনক হলেও CCC দীর্ঘ হলে নগদ অর্থের সংকট তৈরি হতে পারে। তাই শুধু বিক্রয় ও লাভের হিসাব করলেই যথেষ্ট নয়। পণ্য কত দ্রুত বিক্রি হচ্ছে, ক্রেতার কাছ থেকে টাকা কত দিনে আসছে এবং সরবরাহকারীকে কখন পেমেন্ট করতে হচ্ছে, সেটিও নিয়মিত বিশ্লেষণ করতে হবে।

মনে রাখবেন, ব্যবসার টাকা যত দ্রুত এবং পরিকল্পিতভাবে ফিরে আসে, একই মূলধন দিয়ে ব্যবসার কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণের সুযোগ তত বাড়ে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version